বন্যার পানিতে নৌকাডুবে কিশোরীর মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) নামের কিশোরীর মৃত্যু হয়েছে। ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
শুক্রবার (১০ জুলাই) সকালে নৌকাযোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা ঝর্ণা, তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ছয় ঘণ্টা টানা উদ্ধার অভিযান চালায়। দুপুর ২ টার দিকে নদী থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে,হাসপাতালে চিকিৎসা শেষে নিহত ঝর্ণার দুই বোন সাওরিন মণি ও জেরিন কে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বন্যার পানিতে পার হওয়ার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে তাৎক্ষণিক জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিখোঁজ ঝর্ণার মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কালবেলাকে বলেন,চকরিয়ার বরইতলীতে নৌকা ডুবির ঘটনায় এক শিশু মারা গেছে। তাঁর নাম হাসনাতুল জন্নাত ঝর্ণা। তার অপর দুই বোনকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। আমি তাদের কে দেখতে গিয়েছিলাম। মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের কর্মীরা পরিবারের কাছে হস্তান্তর করে।