চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: ২জন নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার 'সবুজ পাহাড়ের বাঁকে' এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। দুর্ঘটনার সময় নিহত দুজন পিকআপ ভ্যানটিতে ছিলেন। পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংঘর্ষের সময়ে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।
বিকট শব্দে স্থানীয়রা ও পথচারীরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালুমঘাট হাইওয়ে পুলিশ। তবে গুরুতর আঘাত পাওয়ায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানান, দুর্ঘটনার পর
পরই নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
হাইওয়ে পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় পতিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।