চকরিয়ায় উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হল পৌর শহরের ফুটপাত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫শতাধিক অবৈধভাবে গড়ে উঠা দোকান, ফুটপাত ও চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উভয় পাশ্বে দখল মুক্ত করেছেন।
এ সময় বিভিন্ন আইনে ৫ টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম,চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান,চকরিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.লোকমান হাকিমসহ পুলিশ ও পৌরসভার শতাধিক কর্মী।
অভিযানে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা বাজার,ওযাপদা সড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও হকার পৌর শহরের ফুটপাত ও প্রধান ড্রেনগুলোর ওপর অবৈধ চৌকি,শেড ও মালামাল রেখে ব্যবসা চালিয়ে আসছিল। এতে করে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন,যা প্রতিনিয়ত তীব্র যানজট ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন,উচ্ছেদ অভিযানে সড়ক পরিবহন আইন,স্থানীয় সরকার(পৌরসভা) আইন,ভোক্তা অধিকার আইনে ৫ টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌরসভা প্রশাসক শাহীন দেলোয়ার বলেন,ফুটপাত ও ড্রেন দখল করে জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুরো চকরিয়া পৌরশহরকে পর্যায়ক্রমে দখলমুক্ত ও পরিচ্ছন্ন করা হবে। উচ্ছেদের পর কেউ যেন পুনরায় ফুটপাত দখল করতে না পারে,সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত
থাকবে।