পেকুয়ায় বন্যার্তদের পাশে পৌর ছাত্রদল, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ
পেকুয়া প্রতিনিধি:।।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় কয়েকদিনের টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পেকুয়া পৌরসভা ছাত্রদল। সংগঠনটির উদ্যোগে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমে ছাত্রদলের নেতাকর্মীরা বন্যাকবলিত নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন। এতে পানিবন্দি মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন পেকুয়া পৌর ছাত্রদলের নেতা আরিফুল ইসলাম শুভ ও আবুল কাশেম । এ সময় তাদের সঙ্গে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বন্যার্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
নেতৃবৃন্দ জানান, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।