পেকুয়ায় পানিবন্দী মানুষের খোঁজে রাতের আঁধারে কাউন্সিলর পদপ্রার্থী এরশাদুল
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় টানা এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে রাতের আঁধারে ছুটে গেলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এরশাদুল আলম।
বুধবার রাতে তিনি পৌরসভার শেখের কিল্লা ঘোনা এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাড়ি পরিদর্শন করেন। এ সময় পানিবন্দী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে এরশাদুল আলম বলেন, টানা বর্ষণে নিম্নাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের এই সংকটের সময়ে পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, দ্রুত পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবেন।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণে এলাকার বহু বাড়িঘর ও সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং পানিবন্দী পরিবারগুলো দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
পরিদর্শনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।