চকরিয়ায় সৌদিয়া বাসের ধাক্কায় পথচারী নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগতির সৌদিয়া বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ গাড়ি পথচারীদের উপর উঠে গেলে একজন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সৌদিয়া বাস একটি পিকআপ গাড়িকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে এহেছানের দোকানের সামনে বসে থাকা লোকজনের ওপর উঠে যায়।
এতে স্থানীয় দুইজন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা স্থানীয় মুরব্বি রফিক আহামদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে নেওয়ার পথে পটিয়া এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
নিহত রফিক আহামদ চকরিয়ার বৃহত্তর লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম একমাত্র ছোট ভাই এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ ম মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেটের চাচা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।