Breaking News

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনার ও তার মেয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Newsbangla.net
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছবি: NewsBangla.net
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছবি: NewsBangla.net

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনার ও তার মেয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরো

মানবাধিকারকর্মী, নারী নেত্রী ও নারী উদ্যোক্তা এবং এপেক্স ক্লাব অব অপরূপার ফাউন্ডার প্রেসিডেন্ট জনাবা রুনা আকতার ও তাঁর কন্যার ওপর অতর্কিত হামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া নারী সংগঠনের নেত্রী, নারী উদ্যোক্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষ।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নিউ মার্কেট সংলগ্ন এলাকায় বিভিন্ন নারী সংগঠন, নারী উদ্যোক্তা ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চকরিয়ার শত শত নারী অংশ নিয়ে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

কর্মসূচিটির আয়োজন করে কর্মনীড় (সামাজিক মহিলা উন্নয়ন সংস্থা), চকরিয়া উপজেলা মহিলা ক্ষুদ্রশিল্প সমবায় সমিতি, এপেক্স ক্লাব অব অপরূপা ও পিএপিজি চকরিয়া ওয়েব। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নারীদের নিরাপত্তা, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে এবং রুনা আকতার ও তাঁর কন্যার ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতেই এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, রুনা আকতার দীর্ঘদিন ধরে চকরিয়া ও কক্সবাজার অঞ্চলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একজন নারী উদ্যোক্তা ও সামাজিক সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। অথচ এমন একজন নারীকেই প্রকাশ্য সড়কে হামলার শিকার হতে হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, রুনা আকতার লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিকের সহধর্মিণী। গত ২২ আগস্ট বাড়িতে যাওয়ার পথে চিরিংগা-মাতামুহুরী সেতুর ওপর তাঁর ও তাঁর কন্যার ওপর রিজভী সহ ২ টি মোটরসাইকেল নিয়ে ৫ জন সংঘবদ্ধ সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করা হয় বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

হামলার ঘটনাকে নারীদের অধিকার ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একজন প্রতিবাদী নারী কণ্ঠকে ভয় দেখিয়ে বা হামলা করে থামিয়ে দেওয়ার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত নারী প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, জনসম্মুখে এমন হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তারা রুনা আকতার ও তাঁর কন্যার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো নারী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে হামলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুততম সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।

এই বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন,আমরা মামলা নিয়েছি, তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL