বন্যার স্রোতে ভেসে গিয়ে কোরানের হাফেজসহ দুইজনের মৃত্যু
চকরিয়া, নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে পৃথক ঘটনায় এক কিশোর ও এক কোরআনের হাফেজ মাওলানা আতাউল্লাহ (২০)সহ২জনের মৃত্যু হয়েছে।
১২জুলাই (রবিবার) বিকেল ৫ টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে হাফেজ মাওলানা আতাউল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরইতলী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছিম হেজাজী হাফেজ আতাউল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, বন্যার স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার প্রায় ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়ার মাওলানা নেছার আহমদের ছেলে হাফেজ মাওলানা আতাউল্লাহ (২০),ও কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাশ পাড়ার তুফান দাশের ছেলে সুজিত দাশ (১০)।
জানা গেছে, শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোজাখালী জলদাশপাড়া এলাকায় বন্যার পানিতে পড়ে সুজিত দাশ নিখোঁজ হয়।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার (১২ জুলাই) বিকেল ৫টার সময় মাতামুহুরী নদীর তীরসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ পরিদর্শক দিদারুল হক জানান, নিখোঁজ হওয়ার স্থানে পানির প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল।
পরে ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।