প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে পেকুয়াজুড়ে আনন্দ-উল্লাস, উৎসবের আমেজ
জয়নাল আবেদীন, পেকুয়া :
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পেকুয়া আগমনকে ঘিরে উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ-উল্লাস, উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী তিনি চট্টগ্রাম বিভাগের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পেকুয়াস্থ বাসভবনে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণেরও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন।
দলীয় নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর পেকুয়ার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজখবর নেওয়ার কর্মসূচি দলীয় নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।
এদিকে সাধারণ মানুষের মাঝেও এ সফর নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে পেকুয়ার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বর্তমানে পেকুয়ার সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও উচ্ছ্বাস ও প্রত্যাশার কমতি নেই। স্থানীয়দের আশা, এই সফরের মাধ্যমে পেকুয়ার উন্নয়ন ও অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত
হবে।