পেকুয়ার সোনালী বাজার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি | ছবি: NewsBangla.net
পেকুয়ার সোনালী বাজার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনে পরাজিত তিন প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে পুনরায় ভোট গণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীর কাছে এ আবেদন জমা দেন সভাপতি পদপ্রার্থী নুরুল আবছার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুরুল আলম এবং অর্থ সম্পাদক পদপ্রার্থী নুরুল আজিম। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নুরুল আজিম, সাধারণ সম্পাদক পদে আ. জ. ম. নাছির উদ্দীন এবং অর্থ সম্পাদক পদে তারেক হোসেন এমরানকে বিজয়ী ঘোষণা করা হয়। অভিযোগকারী প্রার্থীদের দাবি, ভোট গ্রহণ ও ভোট গণনার বিভিন্ন পর্যায়ে অসঙ্গতি দেখা গেছে। তাদের এজেন্টরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে একাধিক অনিয়ম প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্য, কিছু ব্যালট নিয়ে প্রশ্ন রয়েছে, ভোট গণনায় স্বচ্ছতার ঘাটতি ছিল এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কারণে নির্বাচনের প্রকৃত ফলাফল নিয়ে বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যেও প্রশ্ন সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন। অভিযোগকারীরা আরও বলেন, নির্বাচনকে ঘিরে শুরু থেকেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশের প্রত্যাশা ছিল। কিন্তু ফলাফল ঘোষণার পর বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই নিরপেক্ষভাবে সব ব্যালট পুনর্গণনা করলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে বলে তারা বিশ্বাস করেন। এদিকে নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষিত সভাপতি নুরুল আজিম, সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন এবং অর্থ সম্পাদক তারেক হোসেন এমরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ২০২৬ সালের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আব্বাস বলেন, "নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরীসহ সবাই উপস্থিত ছিলেন। আমি ব্যক্তিগতভাবে কোনো অনিয়ম দেখিনি। তবে অভিযোগের বিষয়টি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। কারও অভিযোগ থাকলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।" বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি লিখিত অভিযোগ পেয়েছি। সোনালী বাজার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সবাইকে ডেকেছি। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"