চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট ২০লক্ষ টাকার | ছবি: NewsBangla.net
চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট ২০লক্ষ টাকার চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডে মাঝেরপাড়া এলাকায় অধ্যক্ষ আবু তাহের সিকদারের বাড়ীতে রাতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে ব্যাপক লুটপাট চালিয়ে ২০লক্ষ টাকা মালামাল নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল ১২মে (মঙ্গলবার) রাত ৩ টার দিকে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম প্রফেসর আবু তাহের সিকদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা প্রথমে বাড়ির গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সদস্য কামরুল সিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ফেলে। এসময় ডাকাত দল কামরুল সিকদারের স্ত্রী ও মাকে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয়। ডাকাতরা আলমারি ভেঙে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী কামরুল সিকদার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। এদিকে,লক্ষ্যারচর এলাকায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অলিগলিতে মাদক ব্যবসা ও সেবন বৃদ্ধি পাওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। এর আগে,বিশ্বরোড এলাকায় দুই নারী যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া বানিয়ারকুম এলাকায় বিএনপি নেতাসহ কয়েকজন পথচারীকেও দীর্ঘ সময় জিম্মি করে ডাকাতির শিকার হতে হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী এলাকাবাসী। একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত টহল জোরদারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডাকাতির বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ডাকাতি সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।