চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১ | ছবি: NewsBangla.net
চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোক্তার হোসেন (৩০)। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোজাহের আহম্মদ (প্রকাশ বাইগ্যা) এবং মাতার নাম রহিমা খাতুন। পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানা পুলিশ দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী একটি চক্রের ওপর নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশেষ অভিযান পরিচালনা করে চরণদ্বীপ এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের হয়ে চিংড়ি ঘের থেকে চাঁদা উত্তোলনকারী অন্যতম প্রধান এই আসামিকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত মোক্তার হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান চিংডি ঘের এলাকায় প্রকৃত মৎস্যচাষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ‘হোয়াইট গোল্ড’ হিসেবে পরিচিত চিংড়ি শিল্পকে সুরক্ষিত রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমানে চকরিয়া থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।