বাথরুম থেকে গৃহবধূর লাশ উদ্ধার আটক স্বামী | ছবি: NewsBangla.net
বাথরুম থেকে গৃহবধূর লাশ উদ্ধার আটক স্বামী চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকা থেকে সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে নিজ বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় পুলিশ সন্দেহজনক হওয়ায় স্বামী মোহাম্মদ সোহেলকে(৩০) গ্রেফতার করেছে। সাদিয়া জান্নাত পেকুয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা তারেকুল ইসলামের কন্যা বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড পুরুইত্যাখালী এলাকার মৃত নবী হোসেন মিস্ত্রির ছেলে মোহাম্মদ সোহেলের সাথে ইসলামী শরীয়ামতে তিনবছর পূর্বে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুইবছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিরিবিলি আবাসিক এলাকার ওই বাসায় স্বামী সোহেলের সাথে বসবাস করতেন সাদিয়া। বাসার বাথরুমে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বামী সোহেল। ওইসময় সোহেল পাশের নিজ কক্ষে শুয়ে ছিলেন। পরে ঘুম থেকে উঠে দেখতে পান স্ত্রী সাদিয়া বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। এসময় সোহেল ও তার স্বজনরা বাথরুম থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এসময় পুলিশ সন্দেহজনক হওয়ায় সোহেলকে আটক করে থানায় নিয়ে আসে। সাদিয়ার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তার স্বজনরা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।